“একজন মানুষের স্বপ্ন, পরিণত হবে বাকি সবার দুঃস্বপ্নে” - অনুরাগ কাশ্যাপের বহুল প্রতিক্ষিত ‘বম্বে ভেলভেট’-এর ট্রেইলারে ভেসে ওঠে এই উক্তি। আর এই মানুষটি সিনেমার প্রধান চরিত্র জনি বলরাজ - যাকে পর্দায় মূর্ত করে তুলেছেন রানবির কাপুর।
এই সিনেমাটি নিয়ে আলোচনা চলছে দীর্ঘ দিন ধরেই। ২০১৪ তে মুক্তি পাওয়ার কথা থাকলেও বিশাল বাজেট ও ব্যপক পরিসরের এই পিরিয়ড অ্যাকশন-ড্রামার মুক্তি পেছাতে পেছাতে এসে ঠেকেছে চলতি বছরের মে মাসে।
আনুশকা শর্মার ঠোঁটের পরিবর্তন, কারান জোহারের খল চরিত্রে অভিনয়, ষাটের দশকের মুম্বাইয়ের চিত্রায়ন - এমন অনেক কিছু নিয়েই ২০১৪ জুড়ে আলোচনায় ছিল সিনেমাটি। আড়াই মিনিটের ট্রেইলারটি বলে দেয় - অনর্থক আলোচনার জন্ম দেয়নি সিনেমাটি।
ষাটের দশকের মুম্বাইয়ের স্ট্রিট ফাইটার জনি বালরাজ স্বপ্ন দেখে বড় কিছু হওয়ার। আর স্বপ্ন দেখে বম্বে ভেলভেটের জ্যাজ গায়িকা রোজিকে নিজের প্রেয়সী হিসেবে পাওয়ার। তার সেই স্বপ্ন পূরণে সহায়তা করতে এগিয়ে আসে খামবাটা। কারান জোহার অভিনীত এ চরিত্রটি এরপরই নিজের মুখে বলে, “আমি সবকিছু করি নিজের জন্য”।
রোজির সঙ্গে জনির আবেগঘন প্রেম, যার পরতে পরতে চড়ে যায় উত্তেজনার পারদ; গ্যাংস্টার হওয়ার পথে জনির সংগ্রাম, প্রতারণার শিকার হওয়া আর অবশেষে ভালোবাসার মানুষটিকেই নিজের হাতে হত্যার অঙ্গিকার - এ সবকিছু যেন 'বোম্বে ভেলভেট'- এর বিনোদনে ভরপুর এক ধ্রুপদী বলিউডি সিনেমা হওয়ারই আশ্বাস দেয়।
স্ট্রিট ফাইটার হিসেবে রানবিরকে কিছুটা বেমানান দেখালেও, অভিব্যক্তিতে পুষিয়ে দিয়েছেন ফিল্মফেয়ারজয়ী এই অভিনেতা। রহস্যময়ী এই জ্যাজ গায়িকার ভূমিকায় আনুশকাকে অনন্য মনে হয়েছে। আর অভিনেতা হিসেবে কারান জোহার যে দর্শকদের জন্য ভাল কিছুই জমিয়ে রেখেছেন, তারই ঝলক ফুটে উঠেছে ট্রেইলারে।
ফ্যানটম এবং ফক্স স্টুডিওর যৌথ প্রযোজনায় ‘বম্বে ভেলভেট' মুক্তি পাবে চলতি বছরের ১৫ মে।
সংশ্লিষ্ট খবর: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

No comments:
Post a Comment